গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, ঘটনাস্থলে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্তছবি: দৈনিক উত্তর দিগন্ত

 

নিউজ ডিস্ক :গাজীপুর মহানগরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গুদামটিতে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ গুদামের ভেতর আগুন দেখা দেয়। পরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসসহ আশপাশের বিভিন্ন স্টেশনের আরও ছয়টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এদিকে আগুনের ধোঁয়ায় গুদাম ও আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। দূর থেকেও কালো ধোঁয়া দেখা যাওয়ায় ঘটনাস্থলের আশপাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিনির্বাপণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সেখানে মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে গুদামের মালামাল ও স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন নেভানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

Share This Article
Leave a Comment