নিজস্ব প্রতিবেদক:২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সহিংসতার বিচার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে দলটি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের সূচনা হয়েছিল।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি। বিষয়টিকে দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় সংগঠন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতের ঘোষিত কর্মসূচি
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেবেন।
বিবৃতিতে দলের সব শাখাকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘোষিত কর্মসূচি সফল করতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

