ঠাকুরগাঁও প্রতিনিধি: টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় ঠাকুরগাঁওয়ের দুটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)।
প্রতিষ্ঠান দুটি হলো— মাদারল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট ও পীরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট । ৮৬টি বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে ঠাকুরগাঁওয়ের এই দুই প্রতিষ্ঠানও বোর্ডের শোকজের আওতায় রয়েছে।
বিটিইবির সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করার প্রক্রিয়া নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বোর্ডের নীতিমালা অনুযায়ী, কোনো বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলযোগ্য। এছাড়া অবকাঠামো, শিক্ষক-কর্মচারী, ব্যবস্থাপনা, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলেও অনুমোদন বাতিলের সুযোগ রয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর একই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবার তাগিদপত্র দেওয়া হয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের দুটি প্রতিষ্ঠান তালিকায় থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে চূড়ান্তভাবে অনুমোদন বাতিলের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা ও বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি গুরুত্বপূর্ণ।

