ঠাকুরগাঁওয়ে মাদকসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ বোতল সিরাপ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় তাঁদের কাছ থেকে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ ও ৫০ বোতল ফেনসিবিল উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার পাঁচঘরিয়া ও জীবনপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচঘরিয়া গেরুয়াডাঙ্গী এলাকার মো. কাফীর ছেলে মো. আলম (৪৯) এবং জীবনপুর এলাকার মো. আরশাদ আলীর ছেলে আমির হোসেন (৪৫)।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পাঁচঘরিয়া গ্রামের বালিয়াডাঙ্গী থেকে হরিপুরগামী পাকা সড়কে তল্লাশিচৌকি বসায় দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় ৩২ বোতল এমকেড্রিল ও ১৮ বোতল এসকাফসহ মো. আলমকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জীবনপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির শোবার ঘর থেকে ৫০ বোতল ফেনসিবিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আমির হোসেনকে গ্রেপ্তার করে অভিযান পরিচালনাকারী দলটি।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

Share This Article
Leave a Comment