ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলা, ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) | ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রধান লক্ষ্য। সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। নির্বাচনের সময় যেকোনো বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছে বাহিনীটি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দলের নেতা, প্রার্থী, প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment