কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের খোলা হলো কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের বারামখানা খ্যাত আখড়াবাড়ির মাজারের দানবাক্স।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে সিলগালা ভেঙে খোলা হয় মাজারের দুটি দানবাক্স।
এরপর লালন একাডেমি ভবনের চারতলায় প্রায় তিন ঘণ্টা ব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
এর আগে, ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবাক্সের টাকা। সেদিন দান বাক্স থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গিয়েছিল। যা পরদিন লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা সোমবারই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়।

