নিজস্ব প্রতিবেদক:ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের সহদেবপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে সকালে ফেনী শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে মিছিলে ২৫ থেকে ৩০ জন তরুণ অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কালিপাল এলাকার সড়কের একাংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে চলে যায়।
পরে মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যানার হাতে একদল তরুণকে সড়কে মিছিল করতে ও স্লোগান দিতে দেখা যায়। তাঁদের কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ছাত্রলীগের পতাকা ছিল। কয়েকজনের মাথায় হলুদ ক্যাপ ও মুখে কালো মাস্ক দেখা যায়।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল জানান, মিছিলের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৭ বছর বয়সী চার কিশোর রয়েছে। তাঁরা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

