সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই লক্ষ্য সিইসি

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

অনলাইন সংস্করণ:দেশে সংঘাতের পরিবর্তে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের মাধ্যমে সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

নির্বাচনের সার্বিক কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি জানান, জোটটির পক্ষ থেকে করা অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযোগগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment