নিজস্ব প্রতিবেদক :ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লি আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলেও জানান তিনি। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা দেখার সময় সরকারের নেই। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থানই গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো তাকেও দেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানোর প্রত্যাশা করছে সরকার।
তিনি আরও বলেন, ভারত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে বাংলাদেশের সরকার ও জনগণের জন্য বিষয়টি সহজ হবে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সম্পর্ক কেবল শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো দলটির বিরুদ্ধে দেশে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। দেশের বাইরে অবস্থান করেও এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সরকার হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ সংলাপ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। দুই দেশের পক্ষ থেকেই সংলাপটি কিছুদিন পর আয়োজনের বিষয়ে মত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কাছে দুটি বিষয়ে নিশ্চয়তা চাইতে পারে ভারত।
প্রতিবেদনে সম্ভাব্য প্রথম শর্ত হিসেবে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে নেওয়ার সময় বাংলাদেশের সামরিক বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করা হয়েছিল। তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হতে পারে।
দ্বিতীয় সম্ভাব্য শর্ত হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচার নতুন করে শুরুর নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ।

