আজ জাতীয় সংবিধান দিবস

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাংবিধানিক যাত্রার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচিত হয়। তবে সংবিধান কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে দেশের সংবিধানে। রাষ্ট্র পরিচালনার কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে সুনির্দিষ্ট করা হয়েছে।

সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে। পরে তা গণপরিষদে উপস্থাপন ও গৃহীত হয়।

বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল অন্তর্ভুক্ত ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নির্ধারণ করা হয়।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের শাসনব্যবস্থা, নাগরিকের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা এই সংবিধানের মাধ্যমেই নির্ধারিত হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালনের মাধ্যমে দেশের সংবিধান প্রণয়নের ঐতিহাসিক দিনটি স্মরণ করা হয়। একই সঙ্গে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়।

Share This Article
Leave a Comment