আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তাঁর মতে, ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তাঁকে সমর্থন করা অনেক ভোটার এবার ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে নির্বাচনের ফলাফল নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন ভ্যান্স।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। এ ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
ভ্যান্স তাঁর পোস্টে বলেন, ২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্স জোটকে ভোট দিয়েছিলেন, তাঁদের একটি অংশ এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। কয়েকজন জনমত জরিপকারীর তথ্য উল্লেখ করে তিনি জানান, দল ছেড়ে যাওয়া ভোটারদের কাছে ফিরে আসার উপায় জানতে চাওয়া হলে কয়েকটি বিষয় সামনে আসে।
ভোটারদের প্রত্যাশার সারসংক্ষেপ তুলে ধরে ভ্যান্স চারটি বিষয় উল্লেখ করেন। এগুলো হলো—ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করা এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন পরিবর্তন করা।
ভ্যান্স আরও বলেন, ইরান সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের যে পরামর্শ দেওয়া হয়েছিল, নির্বাচনের ফলাফল সেই অবস্থানের গুরুত্ব সামনে এনেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাব রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ।
মঙ্গলবার রাতে ট্রাম্পও স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রাখেন।
বুধবার ভ্যান্সের মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তী মূল্যায়নে তাঁর আপত্তি নেই।
ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগেও এ বিষয়ে ভ্যান্সের আপত্তির কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগে তিনি যুদ্ধের বিরোধিতা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে ইরান ইস্যুতে তাঁর অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের নীতির মধ্যে কিছুটা পার্থক্যও প্রকাশ পেয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্প বরাবরই জোরালো সমর্থন জানিয়ে আসছেন। তবে ভ্যান্স এ বিষয়ে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। গত মাসে ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানালেও ভ্যান্স একই ধরনের প্রকাশ্য সমর্থন দেননি।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করায় গত জুনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের কয়েকজন সদস্যের সমালোচনা করেন ভ্যান্স। জুলাইয়ে তিনি অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু অংশ আলোচনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করার চেষ্টা করেছে।
এ ছাড়া গত মাসে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইসরায়েলের নীতির অধীন হতে পারে না। তাঁর মতে, এ অঞ্চলে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনকে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ভ্যান্সের এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, ইরান সংঘাত এবং ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে এনেছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল

