মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাগেরহাটের মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপন এবং শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ প্রয়োজন বলেও তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের উদ্যোগ নেবে সরকার।

মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রচেষ্টায় অংশ নেওয়ার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং খুলনা অঞ্চলের সংসদ সদস্য আলী আসগর লবি ও এস কে আজিজুল বারী হেলাল।

মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনায় যাবেন তিনি।

সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রশাসন ও নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share This Article
Leave a Comment