শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, নিহত২

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এ দুর্ঘটনায় মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল বাসটি। এতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন। একই সফরের অন্য একটি বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি জানান। নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে আহতদের কেরানীহাটসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ভোরে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তাঁরা সড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন হলে সড়ক নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে।

Share This Article
Leave a Comment