কপ-৩১ শুরু আজ, সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১। তুরস্কের আনাতোলিয়ায় আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু ঝুঁকির বিষয়গুলো তুলে ধরতে অংশ নেবে বাংলাদেশও। সম্মেলনে যোগ দিতে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতকে নিয়ে গঠিত বিবিআইএন অঞ্চলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিষয়গুলো সম্মেলনে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা প্রয়োজন।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, নেপাল ও ভুটান কপের আলোচ্যসূচিতে আঞ্চলিক জলবায়ু ইস্যু অন্তর্ভুক্ত করার জন্য যৌথ বিবৃতি দিয়েছে। তবে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ বা অবস্থানের উল্লেখ নেই। তাঁর মতে, এ বিষয়ে বাংলাদেশের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখা প্রয়োজন ছিল।

তিনি বলেন, নেপালের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। তাই বাংলাদেশকে বাইরে রেখে নেপাল, ভুটান ও ভারতের মধ্যে কোনো আঞ্চলিক উদ্যোগ নেওয়া হলে তা বাংলাদেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এ ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

জলবায়ু অর্থায়নের বিষয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর মতে, আগামী তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও যেন জলবায়ু তহবিল পাওয়ার সুযোগ সীমিত না হয়, সে বিষয়ে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।

শামসুদ্দোহা বলেন, কোনো দেশের এলডিসি মর্যাদার পরিবর্তে জলবায়ু ঝুঁকি ও ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্রাকে অর্থায়নের প্রধান বিবেচ্য বিষয় করা উচিত। বাংলাদেশের অভিযোজনসংক্রান্ত প্রয়োজন ও অর্থায়নের চাহিদা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা এবং নিম্নাঞ্চল ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে নতুন জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যেসব দেশ অস্তিত্বের ঝুঁকিতে রয়েছে কিংবা লবণাক্ততা বৃদ্ধিসহ নানা ধরনের পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে।

সম্মেলনে বৈশ্বিক মঞ্চে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও বার্বাডোসের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাইমুম পারভেজ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো এবারের সম্মেলনে বাংলাদেশের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment