ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ পেলেন ১০ বিএনপি নেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
5 Min Read
পুরোনো ছবি।

নিজস্ব প্রতিবেদক :ঠাকুরগাঁওয়ে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। জেলার চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নতুন নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে অন্তত ১০ জন স্থানীয় বিএনপি নেতার স্ত্রী বলে জানা গেছে।গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের স্বাক্ষরিত চিঠিতে নতুন ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে, তালিকায় থাকা কয়েকজনের সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি কারও কারও নিজস্ব দোকান কিংবা নীতিমালা অনুযায়ী ধারণক্ষমতাসম্পন্ন গুদামও নেই।

প্রাপ্ত তথ্য ও অনুসন্ধানে জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। আবুল হোসেন ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত। তবে রেনুয়ারা বেগমের নিজস্ব দোকান বা সার বিক্রির পূর্ব অভিজ্ঞতা নেই বলে অভিযোগ উঠেছে। এলাকায় একজন কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে শুধু একটি সাইনবোর্ড লাগানো হয়েছে বলে জানা গেছে।

একই উপজেলার খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। হাজীপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। তাঁদেরও আগে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ছিল না বলে অভিযোগ রয়েছে।

পীরগঞ্জ পৌরসভায় ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার। তিনিও আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলায় পাড়িয়া ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান আলী নিজে টিসিবির ডিলার হলেও তাঁর স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ধনতলা ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার। বড়বাড়ী ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার। তাঁর স্বামী পেশায় শিক্ষক এবং খাদ্য কর্মসূচির ডিলার।

রানীশংকৈল উপজেলাতেও বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার ঘটনা রয়েছে। রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। কাশিপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন যুবদল সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার। দেলোয়ার হোসেন চাকরির চেষ্টা করায় স্ত্রীর নামে ডিলারশিপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন। তাঁর স্বামী একটি কলেজের অধ্যক্ষ এবং দেবর বিএডিসির সার ডিলার।

নতুন ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে অনভিজ্ঞ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এতে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নের নতুন ডিলার নাজমা পারভীন। তিনি বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে তিনি নিয়োগ পেয়েছেন। তাঁর দাবি, এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে তাঁদের অনেকে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছেন এবং এ কারণে সার ডিলার হওয়ার আবেদন করেছেন। তবে ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তাঁরাই এখন বিভিন্ন অভিযোগ তুলছেন। তাঁর দাবি, ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে তাঁর কোনো ভূমিকা ছিল না। আওয়ামী লীগের একজন নেতার ডিলার হওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ব্যক্তি তাঁর নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেবেন।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সার ডিলার নিয়োগের আবেদন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি নীতিমালা অনুসারেই সুপারিশ পাঠিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সুপারিশে কোনো পরিবর্তন করা হয়নি। পরবর্তী সময়ে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment