নিজস্ব প্রতিবেদক :পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সহকারী শিক্ষককে মানসিক নির্যাতন, শ্রেণিকক্ষে পাঠদান করতে না দেওয়া এবং বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষক রোকশানা আক্তার ৫ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক হাছনা বেগম উপজেলার গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযোগকারী রোকশানা আক্তার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
লিখিত অভিযোগে রোকশানা আক্তার উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর তাঁর ডেপুটেশনের মেয়াদ শেষ হলে তিনি মূল কর্মস্থল গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে যান। এ সময় প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক হাছনা বেগম তাঁকে দুই দিনের নৈমিত্তিক ছুটি নিতে চাপ দেন। এমনকি বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক রাফিয়া খাতুনের কাছ থেকে ছুটির আবেদন নিয়ে এসে তাঁর হাতে দিয়ে ছুটি নিতে বাধ্য করেন। পরে তিনি বাধ্য হয়ে এক দিনের নৈমিত্তিক ছুটি নেন।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক তাঁকে শ্রেণিকক্ষে পাঠদান করতে দিচ্ছিলেন না। বিষয়টি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার পর তিনি শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পান। এ ছাড়া প্রধান শিক্ষক প্রতিদিনই তাঁকে ডেপুটেশন নিয়ে কবে বিদ্যালয় ছেড়ে যাবেন, তা জিজ্ঞাসা করেন।
রোকশানা আক্তারের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড সদস্য মর্জিনা বেগমের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল্লাহ আজাদের কাছে মৌখিকভাবে তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক।
এদিকে, ২০২৪ সালের ১৬ অক্টোবর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালকের কাছে বদলির আবেদন করেছিলেন রোকশানা আক্তার। তবে রহস্যজনক কারণে সেই আবেদন অনুযায়ী তাঁর বদলি হয়নি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন বলে একটি সূত্র জানিয়েছে।
অভিযোগে রোকশানা আক্তার আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষকের ধারাবাহিক এমন আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। গত ৪ নভেম্বর অসুস্থ হয়ে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও দুটি অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি।
তবে সহকারী শিক্ষকের অভিযোগ নাকোচ করে প্রধান শিক্ষক হাছনা বেগম বলেন, উনি এক বছর অন্য স্কুলে সংযুক্ত থাকায় সেভাবেই রুটিন তৈরি করা ছিল। সংযুক্তির মেয়াদ শেষ হওয়ায় হঠাৎ করে স্কুলে আসায় আমি ওনাকে যোগদানের দিন কোন ক্লাস দিতে পারিনি। আগে ছুটি দিতাম না বলে অভিযোগ দিতেন উনি। এখন ছুটি মঞ্জুর করলে সেটাও আমার অপরাধ! ৪ তারিখ হাসপাতালে ভর্তির দিন উনি স্কুলে এসে টিফিন পিরিয়ডে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওনার স্বামীকে ফোন করে ডেকে এনে মটরসাইকেলে তুলে দেই। ওনার সেদিন বাম হাতে ক্যানুলা পরা ছিল। উনি নিজেই বলেছিলেন শ্বাসকষ্টে ভুগছিলেন। ওনার যোগদানের পর থেকে এমন অহেতুক অভিযোগে আমিই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
এদিকে সহকারী শিক্ষক রোকসানা আক্তারকে বদলি জন্য শিক্ষা অফিসে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মর্জিনা বেগমের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, ‘আমি কী পাগল, আমি কেন এসব কথা বলব? এটিও স্যার সবকিছু জানেন। আমি শুধু এটিও স্যারকে বলেছি, স্কুলটিতে এত কিছু হয়ে গেল। এক-দেড় বছর কোনো ঝগড়াবিবাদ নেই। ওই শিক্ষক আবার এসেছেন, আবার কী যে হয়। এতটুকুই বলেছিলাম।’
দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার পরিষদের কোনো সদস্য যদি এমন গর্হিত কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ‘অভিযোগটি এখনো আমি পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

