নিজস্ব প্রতিবেদক :চুয়াডাঙ্গার দর্শনায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা খালি বিটিও ট্যাংকারবাহী ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের চালক ও সহকারী চালককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকারবাহী (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা চালক নজরুল ইসলাম ও সহকারী চালক কবীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, ভোরে দর্শনা হল্ট স্টেশনের আগে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য তারা অপেক্ষা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনে প্রবেশের চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে ঢুকে দুজনের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলায় তিনি ও তার সহকারী আহত হন। পরে দুর্বৃত্তরা তাদের দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে রয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, ঘটনার পর থেকে খালি ট্যাংকারবাহী ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকরা দায়িত্ব পালনে সক্ষম না হওয়ায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা করবে।
তিনি আরও জানান, এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

