এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় নাশকতার অভিযোগ খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটি তদন্তের জন্য ইতোমধ্যে যৌথ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবির সদস্যরা পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাননি। বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা গেছে, এমন তথ্যও পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার চিহ্ন কিংবা কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এ ধরনের ঘটনার তথ্য মেলেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। তবে অধিকতর তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিংয়ে ত্রুটি থাকতে পারে। প্রাথমিকভাবে পাওয়া কিছু আলামতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশও তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Share This Article
Leave a Comment