ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

নিজস্ব প্রতিবেদক
4 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছে ইসরায়েল। এ লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান।  শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে পৌঁছান তিনি। তাঁর এই সফর সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। সফরে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইরান পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত গফম্যান। এমন এক সময়ে তাঁর যুক্তরাষ্ট্র সফর হচ্ছে, যখন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন।

ওয়াশিংটনে পৌঁছে ইতোমধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন গফম্যান। ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এরপর প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর মিয়ামি যাওয়ার কথা রয়েছে।

তবে গফম্যানের সফর নিয়ে মোসাদ, সিআইএ কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে একাধিকবার ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। তবে প্রতিবারই সেই প্রস্তাবে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট। একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, সর্বশেষ ৫ নভেম্বর দুই নেতার ফোনালাপেও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সামরিক অভিযানের পরিবর্তে আপাতত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমন্বয় করে ইরানের ওপর নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি কূটনৈতিক সমঝোতার কোনো পথ খোলা রয়েছে কি না, সেটিও বিবেচনা করছেন তিনি।

গত ১২ নভেম্বর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে তিনি এখনই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিতে পারেন। তবে যেসব দেশের নিরাপত্তার বিষয়টি তিনি বিবেচনায় রাখছেন, তাদের অনুরোধে ধীরে ও সংযতভাবে এগোচ্ছেন।

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরব তাঁকে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও আপাতত অপেক্ষা করার পক্ষে বলে জানান তিনি।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও আলোচনায়

এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি সরকার গঠন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইসরায়েলের বিরোধী দলগুলোর আশঙ্কা, আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারেন। এমনকি ইরানকে ইসরায়েলের ওপর হামলায় প্ররোচিত করার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের ধারণা, আইজেনকোট সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হতে পারে।

বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন আইজেনকোট। সেখানে তাঁকে ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। তবে আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট জানান, চলতি সপ্তাহে নেতানিয়াহু ও তাঁর সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সরকার পরিবর্তনের এই অন্তর্বর্তী সময়ে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের ওপর নজরদারিতে কোনো ঘাটতি থাকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আইজেনকোট বলেন, ইসরায়েলের নিরাপত্তাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তাকে কখনোই রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

Share This Article
Leave a Comment