ঘোড়াঘাটে ১৩০ কেজি কষ্টিপাথর ও শিবলিঙ্গ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের কষ্টিপাথর, বেলেপাথর ও শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবিচ্ছিন্ন একটি টিনের ঘরে এসব নিদর্শন মজুত রাখার তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত স্থানীয় সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং ঘোড়াঘাট থানা-পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। টহল দলে দুই নারী সৈনিকও ছিলেন।

অভিযানে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের খণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা নিদর্শনগুলোর ওজন ১৩০ কেজি। এগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।

আটক মো. মোমিন ইসলাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুর রইস উদ্দিন।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির মেডিকেল পরীক্ষা শেষে সনদ সংগ্রহ করে তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। অন্যদিকে উদ্ধার করা পাথরের নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হবে। এ বিষয়ে যাচাই সনদ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment