নিউজ ডেস্ক: দেশের বৃহত্তর স্বার্থ এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নিয়েছিল জামায়াতে ইসলামী। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, ওই নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট বা বিকৃত করা হয়েছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর এক সাংগঠনিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই তারা জানতে পেরেছেন যে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করা হয়েছিল। এরপরও দেশের বর্তমান পরিস্থিতি এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জামায়াত নির্বাচনের ফল মেনে নিয়েছে। এ ক্ষেত্রে দলকে ‘বুকে পাথর চাপা’ দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের পথ থেকে সরকার কিছুটা সরে গেছে। শুরু থেকেই জামায়াতে ইসলামী সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে এলেও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জামায়াতের সহযোগিতাকে সরকারের পক্ষ থেকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে তা অনভিপ্রেত।
অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতে ইসলামীর সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

