হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুঝুঁকিতে শিশু জুবায়ের, অপারেশনের জন্য প্রয়োজন ৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চার মাস বয়সী শিশু মো. জুবায়ের আলমের হার্টে ছিদ্র (VSD)। দীর্ঘ আট মাস ধরে চিকিৎসা চলছে। কিন্তু অর্থের অভাবে এখনো করা সম্ভব হয়নি জরুরি ওপেন হার্ট সার্জারি। সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় বাবা মো. জাহাঙ্গীর আলম।*

ফুটফুটে শিশুটির বয়স এখন প্রায় এক বছর। অথচ যে বয়সে হাসি-খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই হাসপাতালের বিছানায় কাটছে তার দিন। জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশু জুবায়েরের হার্টে ৭.৯ মিলিমিটার ছিদ্র (VSD) শনাক্ত হয় গত ২৮ এপ্রিল ২০২৬ সালে। তখন তার বয়স ছিল মাত্র চার মাস।

এরপর থেকেই শুরু হয় চিকিৎসার দীর্ঘ সংগ্রাম। প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়। পরে দিনাজপুরের অরবিন্দু হাসপাতাল হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শ্যামলীতে নেওয়া হয়। পরবর্তী সময়ে মিরপুর-১-এর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় অস্ত্রোপচার ছাড়াই বাড়ি ফিরতে হয় পরিবারকে।

এরপর কিছুদিন বাড়িতে থাকার পর গত ২৪ অক্টোবর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৪ নভেম্বর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে পুনরায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শ্যামলীতে রেফার করেন।

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশু জুবায়ের। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দীর্ঘ আট মাসের চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থ প্রায় শেষ। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সবকিছু হারিয়েছেন বাবা জাহাঙ্গীর আলম। এমনকি শেষ সম্বল বসতভিটাটুকু বিক্রি করেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারেননি তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির ওপেন হার্ট সার্জারির জন্য আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অসচ্ছল বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই নিজের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

জাহাঙ্গীর আলমের প্রত্যাশা, সবার সামান্য সহযোগিতা একত্রিত হলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারবে তার ছোট্ট সন্তান। তাই শিশুটির চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার পাশাপাশি তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।

*সাহায্য পাঠানোর মাধ্যম:*

– নগদ ও রকেট (পার্সোনাল): 01751618128+2
– বিকাশ (পার্সোনাল): 01788246724
– ডাচ্‌-বাংলা ব্যাংক হিসাব নম্বর: 2637348924496
– হিসাবের নাম: জাহাঙ্গীর আলম

শিশু জুবায়েরের চিকিৎসায় সহযোগিতা করতে না পারলেও মানবিক কারণে সংবাদটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

*একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় আশার আলো।

Share This Article
Leave a Comment