স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে চাঁপাইনবাবগঞ্জের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপিগুলো পাঠানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এনজিও গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ওয়ালিদ হাসান আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান, মেয়াদ ও বিতরণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম রয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। এ কারণেই সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Share This Article
Leave a Comment