ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে, যাতে ধৈর্যের সীমা অতিক্রম না করে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি ন্যাপ গঠন করলে তৎকালীন দলের কিছু নেতা তাঁকে ভারতের চর বলে আখ্যা দিয়েছিলেন। অথচ বর্তমানে তাদেরই কেউ কেউ ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

তিনি আরও অভিযোগ করেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু তরুণকে ব্যবহার করে পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে বোমা-ককটেল হামলা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সভায় কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের পুরোনো সুযোগ ফিরে পেতেই একটি পক্ষ সহিংসতার মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এ দেশের মানুষকে বিদেশি উসকানি কিংবা বোমা হামলার মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন তুলে ধরে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁর দূরদর্শী উপলব্ধি ছিল। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

রিজভী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর পূর্ণাঙ্গ জীবনী এখনো যথাযথভাবে রচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে আরও গবেষণা প্রয়োজন।

আলোচনা সভায় মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Share This Article
Leave a Comment