আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। শনিবার সেই অনুমোদন পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাঁর কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। এ সময় তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। পাশাপাশি বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম।

রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। ইউনিটটি সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত হয়।

মো. জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬

Share This Article
Leave a Comment