নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।
অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদকর্মী অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন পুলিশের ছয় প্লাটুন সদস্য। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে হবে। হকারদের জন্য নির্ধারিত ফুটপাত, নাইট মার্কেট ও হলিডে মার্কেটের ব্যবস্থা করা হবে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক যান চলাচলের উপযোগী রাখতে হবে। কোনোভাবেই মূল সড়কে হকারদের বসতে দেওয়া হবে না।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এ বিষয়ে হকারদের আগেই সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এরপরও কেউ সড়ক বা ফুটপাত দখল করলে তার মালামাল জব্দের পাশাপাশি গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হতে পারে।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

