বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু…

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতি ও নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই অধিনায়ক হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।

তবে কোচ থমাস ডুলি মনে করেন, নেতৃত্ব দেওয়ার জন্য হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড থাকা জরুরি নয়। তাঁর মতে, মাঠের বাইরেও হামজা দলের একজন নেতা।
রোববার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ডুলি বলেন, হামজা অধিনায়ক হতে চেয়েছিলেন। কারণ সে সময় দলের আর কেউ দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। এমনকি সোহেলও অধিনায়ক হতে চাননি। তখন হামজা কোচকে জানান, অন্য কেউ দায়িত্ব নিতে না চাইলে তিনি অধিনায়কত্ব করতে চান।

ডুলির মতে, ওই সিদ্ধান্ত হামজার ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। তিনি বলেন, এর আগে অনুশীলন কিংবা ম্যাচে হামজাকে এভাবে খেলতে দেখা যায়নি। তাই ওই ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে কোচ নিজেও অবাক হয়েছিলেন।
তবে হামজার নেতৃত্বের সামর্থ্য নিয়ে ডুলির কোনো সংশয় নেই। তাঁর ভাষায়, নেতা হওয়ার জন্য হামজার আর্মব্যান্ডের প্রয়োজন নেই। ড্রেসিংরুম, গ্যালারি কিংবা হোটেল—সব জায়গাতেই সে একজন নেতা।
অধিনায়কত্ব হামজার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি জানতে সরাসরি হামজার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ডুলি।

এদিকে জিদান ইউসুফের পারফরম্যান্সেও সন্তুষ্ট বাংলাদেশ কোচ। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে জিদানের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। ফলে পরের ম্যাচে জিদানকে শুরু থেকেই একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডুলি।
জিদানকে নিয়ে কোচ বলেন, শুরু থেকেই তাকে খেলানো হবে কি না, তা নিয়ে অনুশীলনের পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে মাঠে নামার পর জিদান যেভাবে খেলেছে, তাতে তাকে থামিয়ে রাখা কঠিন ছিল।
ডুলি জানান, জিদান মাঠে নেমেই দারুণভাবে খেলায় প্রভাব ফেলেছে। তার পারফরম্যান্সের কারণেই পরের ম্যাচে তাকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে শাকিল আহাদ তপুর প্রসঙ্গেও সতর্কতার কথা জানিয়েছেন কোচ। পেছন থেকে বল নিয়ে খেলতে গিয়ে অনুশীলনেও যদি একই ধরনের সহজ ভুল হয়, তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচে তরুণ খেলোয়াড়কে একাদশে নেওয়ার আগে বাড়তি ভাবতে হয় বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment