নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।
তিনি জানান, এসব শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে তারা পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না এবং তাঁদের একটি বছর অপেক্ষা করতে হবে না।
পরীক্ষার সময় নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, সাত কিংবা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সময় পাবেন না। আবার পরীক্ষা আয়োজন করতে বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে। তবে এক মাসের বেশি সময় দেওয়ার সুযোগ নেই।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর নির্ধারিত নিয়মে খাতা যাচাই করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, গত এসএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। যাচাই শেষে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়। তাঁদের মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হন। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছিল ৩ হাজার ৭৯ জন।
মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার উদ্যোগ
পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং খাতা মূল্যায়নে গুরুতর ভুল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় যা অর্জন করেছেন, ফলাফলে তার যথাযথ প্রতিফলন থাকতে হবে। কেউ যেন প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবারের ফলাফলে শিক্ষার্থীদের শেখার ঘাটতি স্পষ্ট হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসব দুর্বলতা চিহ্নিত করে তা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কাজ করবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।
ইংরেজি ও আইসিটিতে বেশি অকৃতকার্য
কোন বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের কথা উল্লেখ করেন। ইংরেজি বিষয়ে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এতে শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা নেই।
ভর্তির সুযোগ নিয়ে আশ্বাস
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হবে কি না—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ।
এ ছাড়া প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার কথা জানান শিক্ষামন্ত্রী। কোথাও কোথাও প্রশ্নপত্র পরিবর্তন এবং সংঘবদ্ধভাবে ফলাফল প্রভাবিত করার অপচেষ্টার ঘটনা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন। এসব বিষয় তদন্ত করে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।

