প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার পর সফরের কূটনৈতিক সমন্বয় ও প্রস্তুতির দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে জাপানে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রথম আলো। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন।

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন। সফর চলাকালে তিনি টোকিওতে থেকে দ্বিপক্ষীয় যোগাযোগ, কূটনৈতিক সহায়তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে বলা হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুসরণ করে তিনি জাপান থেকে ঢাকায় ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকা হলেও প্রস্তুতিমূলক কার্যক্রমে তাঁকে যুক্ত রাখা হয়নি।

সাবেক ও বর্তমান কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে গুরুত্বপূর্ণ কোনো দেশে প্রধানমন্ত্রীর সফরের সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির তাঁদের জানা নেই। দায়িত্বে থাকা রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর সফরে অন্য কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়ার ঘটনাও তাঁদের জানা নেই।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই কর্মকর্তাই একই বিসিএস ব্যাচের

রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম—দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

 

Share This Article
Leave a Comment