তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার সিরিয়াস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আগ্রহী এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক। তবে পরিকল্পনাটিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে। সে কারণে বিষয়টি নিয়ে নতুন করে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আগের পরিকল্পনায় মূলত নদীশাসন, নদীভাঙন রোধ ও ভূমি পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্ষাকালে তিস্তা নদীর পানি বেড়ে গেলে বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। কোনো কোনো স্থানে নদীর প্রস্থ ৫ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত হয়ে যায়।

সরকারের আগের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নদী খনন, তীর সংরক্ষণ এবং ভাঙন রোধের মাধ্যমে নদীর গতিপথ নিয়ন্ত্রণ করা হলে আশপাশের বিস্তীর্ণ ভূমি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।

তবে নতুন করে তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টিও যুক্ত করা যায় কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেখানে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, পদ্মা ব্যারাজের ধারণার মতো তিস্তায়ও বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে।
তিস্তার পানি দ্রুত নেমে যাওয়ায় পানি সংরক্ষণ তুলনামূলক কঠিন উল্লেখ করে তিনি বলেন, নদীটি অত্যন্ত খরস্রোতা। তারপরও বিশেষজ্ঞরা এ বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব বলে মত দিয়েছেন।

অর্থায়নের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনার অর্থ কোথা থেকে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চীন, বাংলাদেশ কিংবা অন্য কোনো উৎস থেকে অর্থায়নের বিষয়টি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।তিনি বলেন, অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কোন উৎস থেকে অর্থ নিলে দেশের জন্য বেশি সুবিধা হবে, নাকি নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করা হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

Share This Article
Leave a Comment