এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। জাপানের গিফুতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ হকি দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও গোল করে ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

ম্যাচে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন মাহবুব হোসেন। শ্রীলঙ্কার হয়ে একটি গোল শোধ করেন কুশল। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

পুরো ম্যাচজুড়েই শ্রীলঙ্কার রক্ষণভাগে চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণের পাশাপাশি ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে নেয় দলটি।

এই জয় বাংলাদেশের জন্য বাড়তি স্বস্তির। কয়েক মাস আগে এএইচএফ কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। ফলে এশিয়ান গেমসের ম্যাচটিকে ঘিরে কিছুটা চাপও ছিল। এবার অবশ্য শুরু থেকেই আধিপত্য ধরে রেখে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নারী ও পুরুষ—দুই বিভাগেই হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। আর হকিতে এবারের আসরে দেশের প্রথম জয়টি এসেছে পুরুষ দলের হাত ধরে।

Share This Article
Leave a Comment