বিশেষ প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে এখনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিনসহ তিনজন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। তাঁরা মনোনয়ন বোর্ডে পৃথকভাবে সাক্ষাৎকার দেন।
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক ও মনোনয়ন বোর্ডের আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি গুরুত্ব পায়।
ঠাকুরগাঁও-১ আসনটি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

