দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর এক কিশোরের অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তাঁর ছেলে প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাশের গ্রামের একটি ধানক্ষেতে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মামলা করা হয়েছে। কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

