চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবি ও জমি নিয়ে বিরোধের জেরে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির মাছের খামারে ভাঙচুর এবং পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় করা লিখিত অভিযোগের ভিত্তিতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের প্রবাসী আসাদ মন্ডলের মাছের খামারের একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। বুধবার সকালে পুকুরে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে উঠলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী আসাদ মন্ডল বলেন, প্রায় ১৬ থেকে ১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের খামার গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ তার।

আসাদ মন্ডলের দাবি, মঙ্গলবার সকালে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তার মাছের খামারে প্রবেশ করে সীমানাপ্রাচীর ও বেড়া ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের কলাগাছ থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর রাতের দিকে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আসাদের চাচাতো ভাই রফিক মন্ডলের অভিযোগ, আব্দুল মান্নান প্রামাণিক ও কালাম মন্ডল কয়েকজন লোককে সঙ্গে নিয়ে অস্ত্রসহ পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও তাদের হুমকি দেওয়া হয়। পরদিন সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।

আসাদের বাবা মোহাম্মদ আলী মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালাম মন্ডল তাদের নানাভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। মঙ্গলবারও চাঁদা চাওয়া হয়। এতে রাজি না হওয়ায় মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃতভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশের তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে। একই রাতে ওই পুকুরের মাছ মারা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করেছে।

তিনি বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share This Article
Leave a Comment