সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও একই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিগত সরকারের সময়ে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে—এ কথা অস্বীকার করার কিছু নেই। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। এটি পুরোপুরি বন্ধ। বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে, সেগুলোও যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেওয়া হবে।’

উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকার পরও সাপের কামড়ে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সাপের কামড়ের পর রোগী বিষধর সাপের দংশনের শিকার হয়েছেন কি না, তা বুঝতে অনেক সময় কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। আবার হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই সাপের দংশনের পর দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী অক্টোবর থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের বিষয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনেন। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

Share This Article
Leave a Comment