পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রেজাউল করিম রেজা (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম রেজা স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, গতরাত ১২টার দিকে রেজাউল করিম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল ও ক্রাইম সিনের প্রাথমিক কার্যক্রম শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রেজাউল করিমের মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

