নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দায়িত্ব পালন করার সময় মই থেকে পড়ে একজন বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় দিকে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হায়দার আলী (৪৭) পৌর শহরের নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে।
তিনি নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুরে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কেন্দ্রে সহযোগী হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ইউনিক অটো রাইস মিলের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগ সমস্যা হলে অফিসের নির্দেশে সেখানে এলটি লাগানোর জন্য মিস্ত্রি রাশেদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে যান মোঃ হায়দার আলী ।
রাশেদ মইয়ের উপরে উঠেন কাজ করার জন্য। তার কাটার একটি যন্ত্র পৌঁছে দিতে মইয়ের উপরে উঠতে যান হায়দার। এসময় হঠাৎ মই থেকে রাস্তায় পড়ে যান তিনি। এতে মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, হায়দার আলী ঠিকাদার কর্তৃক নিয়োজিত লাইন হেলপার ছিলেন। কাজ করার সময় ওই লাইন সম্পূর্ণ সাটডাউন করা ছিল। তাছাড়া তিনি নিচেই ছিলেন এবং উপরে কর্মরত মিস্ত্রি রাশেদকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়ে সহযোগিতা করছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

