মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় ‘ইমরান পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ডাসারের ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ইমরান পরিবহনের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ রয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Share This Article
Leave a Comment