ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম। বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত গুণী শিক্ষকদের সঙ্গে তিনিও এই সম্মাননা অর্জন করেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গুণী শিক্ষক সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন হাফেজ মু. রশিদ আলম।
শিক্ষাক্ষেত্রে অবদান ও শিক্ষকতা পেশায় বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত গুণী শিক্ষকদের এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়।
হাফেজ মু. রশিদ আলমের জাতীয় পর্যায়ে এই অর্জন ঠাকুরগাঁওয়ের শিক্ষা অঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছে। তাঁর এ সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, একজন শিক্ষক হিসেবে হাফেজ মু. রশিদ আলমের এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং ঠাকুরগাঁওয়ের শিক্ষা অঙ্গনের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সম্মান। তাঁর এ অর্জন জেলার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও শিক্ষা ক্ষেত্রে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করছেন তারা।
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় হাফেজ মু. রশিদ আলমকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

