নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর পাওয়া পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
এই পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে।
৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদের কোড ৪৫০। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০৫ টাকা। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।
আবেদনের শুরুতে যা লাগবে
অনলাইনে আবেদন শুরুর সময় প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিতে হবে। এসব তথ্য যাচাইয়ের পর কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। একবার যুক্ত হওয়ার পর এসব তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।
এরপর প্রার্থীকে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার পছন্দের তথ্য পূরণ করতে হবে। সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য দিতে হবে।
শারীরিক যোগ্যতা
সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি নির্ধারণ করা হয়েছে।
ছবি ও স্বাক্ষরের মাপ
আবেদন ফরমে প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি দিতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।
আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ অপশনে গিয়ে পুরো ফরমটি ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে তখনই সংশোধন করতে হবে। আবেদন ফি পরিশোধের পর ফরমের তথ্য পরিবর্তনের আর সুযোগ থাকবে না।
যেভাবে ফি দিতে হবে
আবেদন ফি টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর প্রার্থী একটি পাসওয়ার্ড পাবেন। ভবিষ্যতে ওই পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।
বিপিএসসি জানিয়েছে, আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে।
অনলাইনে আবেদনসংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করতে হবে। এরপর প্রথমে ৮ এবং পরে ১ চাপতে হবে।

