আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে শাহী মসজিদের একটি অংশ ভাঙার পরিকল্পনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য মসজিদের একটি অংশ অপসারণের উদ্যোগ নেওয়াকে ঘিরে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। অন্যদিকে পুলিশের দিকে পাথর নিক্ষেপের ঘটনাও ভিডিওতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়।
উজ্জয়নের সড়ক সম্প্রসারণ প্রকল্প নিয়ে এরই মধ্যে আইনি বিরোধ চলছে। মসজিদের অংশ ভাঙার বিষয়ে উজ্জয়ন পৌর করপোরেশনের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে করা আবেদনগুলো এর আগে খারিজ করে দেন ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্ট।
আদালত জনস্বার্থের বিষয়টি বিবেচনার পাশাপাশি আসন্ন সিংহস্থ মেলার সময় উজ্জয়নে যানজট নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে।
তবে সড়ক সম্প্রসারণ ও মসজিদসংক্রান্ত বিষয়টি নিয়ে সোমবার ইন্দোর হাইকোর্টে আরও শুনানি হওয়ার কথা ছিল।
এদিকে মসজিদ কমপ্লেক্সের অংশবিশেষ ভাঙার উদ্যোগের বিরোধিতা করেছেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপগড়ি। স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজ্য সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতাপগড়ির দাবি, প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা সড়ক সম্প্রসারণের কারণে ভেঙে ফেলার বিষয়টি আরও সংবেদনশীলভাবে বিবেচনা করা প্রয়োজন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় মসজিদ ঘিরে প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, উজ্জয়নের অনেক তরুণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি মসজিদের অন্য পাশ থেকে নেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা যেতে পারে।

