বিএনপি কার্যালয়ে চিঠি, চার নেতাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একটি চিঠি রেখে দলের চার স্থানীয় নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি খামের ভেতর থেকে চিঠিটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় পরিষ্কার করছিলেন দলীয় কর্মী মোজাম্মেল হক। এ সময় তিনি একটি খাম দেখতে পান। খামটি খুললে এর ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। সেখানে চার নেতার নাম উল্লেখ করে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা রয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’

হুমকির তালিকায় থাকা নেতারা হলেন রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
চিঠি পাওয়ার পর বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পরে রাতেই আক্কেলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি আলামত হিসেবে জব্দ করে।

রফিকুল ইসলাম বলেন, লাল কালি ব্যবহার করে এভাবে হুমকি দেওয়ার উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও তিনি মনে করেন। তবে বিষয়টিকে হালকাভাবে না দেখে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এম ইউ আহমেদ মোশারফ বলেন, এর আগে তাঁরা এ ধরনের হুমকির মুখে পড়েননি। বিষয়টি নিয়ে তাঁরা আইনি পদক্ষেপ নিচ্ছেন।

রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকির চিঠিটি জব্দ করেছে। এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এটি নিছক ভয় দেখানোর চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment