নিজস্ব প্রতিবেদক:বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক সম্পর্কে জেনে তারপর এ বিষয়ে মন্তব্য করব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-২০০৬) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। সব তথ্য জেনে নিয়েই পরবর্তী বক্তব্য দেওয়া হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্বল অবস্থা কাটিয়ে পুলিশ বাহিনী ধীরে ধীরে বর্তমান পর্যায়ে এসেছে।
এদিকে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

