আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই সৌদি আরবের যোগাযোগের মূল উদ্দেশ্য। এসব তথ্য ব্যবহার করে হুথিদের হামলা মোকাবিলা এবং সৌদি আরবের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির চেষ্টা করা হচ্ছে।
ইসরায়েল হায়োম জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে সেন্টকমের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা পাওয়ার বিষয়টিও এ উদ্যোগের সঙ্গে যুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
শুধু ইসরায়েল নয়, মিসর ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছ থেকেও হুথিদের বিষয়ে একই ধরনের সহযোগিতা চেয়েছে সৌদি আরব।
তবে এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশটির সরকারকে পরামর্শ দিয়েছে। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত শুরু হলে ইসরায়েলও সেই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে।
দুটি সূত্রের বরাত দিয়ে হারেৎজ বলেছে, হুথিদের মোকাবিলায় ইসরায়েলকে সরাসরি সামরিক পদক্ষেপের বদলে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগের মধ্যেই নিজেদের ভূমিকা সীমিত রাখার পরামর্শ দিয়েছেন সামরিক কর্মকর্তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল

