সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন তিনি। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পেশায় কৃষি অর্থনীতিবিদ ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যুক্ত হন।

২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন তিনি। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ পদে ছিলেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। তাঁর দেশে ফেরা উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি।

সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তাঁকে শিক্ষামন্ত্রী করা হয়। মন্ত্রী থাকাকালে শুধু নিজ জেলা নয়, সারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় নির্বাচিত হন ওসমান ফারুক। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

Share This Article
Leave a Comment