সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত জিসান আহমেদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গাজীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৫ অক্টোবর) ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে আসেন। তাঁরা গোলামের হোটেলে খাবার খেতে এসে যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে তাঁর বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
ওসি আরও জানান, খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টা চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ নিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।
নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। মরদেহ গ্রহণের প্রক্রিয়া চলছে।
বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক ঘটনায় জিসানের স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে রোববার রাতেই সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেন।

