ইবিতে দুই শিক্ষার্থী আটক, পরিবারের সম্মতিতে আজ বিয়ের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্জন এলাকায় দুই শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করার পর তাঁদের প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা বিয়েতে সম্মতি দেন। পরে উভয় পরিবারের সম্মতিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁদের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসের পাশে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক দুই শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাঁদের দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাঁদের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করা হলে নিরাপত্তাকর্মীরা তাঁদের প্রক্টর অফিসে নিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে ওই এলাকায় নিয়মিত অবস্থান করতেন। বিষয়টি নজরে আসার পর শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয় কয়েকজন মারধর করেন এবং টাকা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।

পরে প্রক্টর অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে দুই শিক্ষার্থী ঘটনার কথা স্বীকার করে বিয়েতে সম্মতি জানান। এরপর তাঁদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

মুচলেকায় দুই শিক্ষার্থী উল্লেখ করেন, তাঁরা আপত্তিকর অবস্থায় আটক হওয়ার পর প্রক্টরিয়াল বডির কাছে নেওয়া হয়। তাঁদের অভিযোগ, স্থানীয় কয়েকজন তাঁদের মারধর করেন এবং টাকা দাবি করেন। পরে পরিবারের সম্মতিতে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বিষয়টি স্বীকার করেন এবং পরে বিয়েতে সম্মতি দেন। তাঁদের বাবা-মাকে ডেকে এনে বিয়ের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রী যে মেসে থাকেন, সেই মেসের মালিককেও তলব করা হবে। কারণ, রাত সাড়ে ৮টার মধ্যে মেস বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে।

Share This Article
Leave a Comment