পাশের জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

ঢাকা প্রতিনিধি: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এবং রোববার সকালে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেনি এবং এর সঙ্গে চাঁদাবাজিরও কোনো সম্পর্ক নেই।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না।

শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে থাকা স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির। ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।
ভিডিওতে স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, কিছুক্ষণ আগে সেখানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাঁর স্টুডিওর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Share This Article
Leave a Comment