১২ আগস্ট আকাশে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

নিজস্ব প্রতিবেদক
3 Min Read

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, এবারের গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হতে পারে।

তবে বাংলাদেশের আকাশ থেকে এই বিরল দৃশ্য দেখার সুযোগ নেই। গ্রহণ শুরু হওয়ার সময় বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে রাত থাকবে। ফলে বাংলাদেশ থেকে সরাসরি গ্রহণটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না।

কোথা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণ?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল দৃশ্য দেখা যাবে ইউরোপের কয়েকটি অঞ্চল থেকে। বিশেষ করে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে চাঁদের ছায়ায় সূর্যের পুরো চাকতি ঢেকে যাওয়ার দৃশ্য দেখা যাবে।

এর মধ্যে স্পেনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ পাবেন।

এটি ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে দেখা যেতে যাওয়া প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

এ ছাড়া পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল থেকে গ্রহণটির আংশিক পর্যায় দেখা যাবে। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ সূর্যের আংশিক ঢাকা পড়ার দৃশ্য দেখার সুযোগ পেতে পারেন।

কীভাবে হয় সূর্যগ্রহণ?

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। এর ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্যের আলো আংশিক কিংবা পুরোপুরি আড়াল হয়ে যায়।

চাঁদ যখন সম্পূর্ণভাবে সূর্যের চাকতি ঢেকে ফেলে, তখন সেটিকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

এই ঘটনাকে মহাজগতের অন্যতম চমৎকার প্রাকৃতিক সমাপতন হিসেবেও দেখা হয়।

কারণ সূর্যের ব্যাস চাঁদের প্রায় ৪০০ গুণ। আবার সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি দূরে। ফলে পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের মনে হয়।

এই বিশেষ জ্যামিতিক অবস্থানের কারণেই নির্দিষ্ট সময়ে চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে দিতে পারে।

কত ঘন ঘন সূর্যগ্রহণ হয়?

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতিবছর সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। এর মধ্যে রয়েছে আংশিক, বলয়াকার, পূর্ণগ্রাস ও সংকর সূর্যগ্রহণ।

তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রতি শতাব্দীতে প্রায় ৬৬টি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ পৃথিবীর কোনো না কোনো স্থান থেকে মোটামুটি দেড় বছর পরপর এমন গ্রহণ দেখা যেতে পারে।

সব সূর্যগ্রহণের মধ্যে আনুমানিক এক-তৃতীয়াংশ আংশিক, এক-তৃতীয়াংশ বলয়াকার, এক-চতুর্থাংশের কিছু বেশি পূর্ণগ্রাস এবং প্রায় ৫ শতাংশ সংকর ধরনের।

তবে পূর্ণগ্রাস গ্রহণের মূল দৃশ্য পৃথিবীর একটি নির্দিষ্ট ও তুলনামূলকভাবে সরু অঞ্চল থেকেই দেখা যায়। তাই এমন মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে অনেক সময় দূর-দূরান্তে পাড়ি দিতে হয়।

আর এ কারণেই ১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মহাকাশপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের একটি ঘটনা।

Share This Article
Leave a Comment