নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি। গুলির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিং এলাকায় রাখা ছিল। ভোরের দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তাঁর নিজস্ব কার্যালয়ে ছিলেন। ফলে গুলির সময় তিনি গাড়িতে ছিলেন না।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কে বা কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

